বঙ্গভূমির প্রতি
“My native Land, Good night!”
— Byron
রেখো, মা, দাসেরে মনে,
এ
মিনতি করি পদে।
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না
গো তব মনঃকোকনদে।
প্রবাসে দৈবের বশি,
জীব-তারা যদি খসে,
এ দেহ-আকাশ হতে,— নাহি খেদ তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু
যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে ;
মক্ষিকাও গলেনা গো, পড়িলে
অমৃত-হ্রদে!
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে
সদা সেবে সৰ্ব্বজন ;–
কিন্তু কোন্ গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হের অমরতা আমি,
কহ,
গো,
শ্যামা
জন্মদে !
তবে যদি দয়া কর,
ভুল দোষ গুণ ধর,
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে !-
ফুটি যেন স্মৃতি-জলে
মানসে, মা, যথা ফরে
মধুময় তামরস কি বসন্ত, কি শরদে !