:::: সূচীপত্র ::::
শাহারজাদী

কল্পনা-নগরে, শত কবিতা সুন্দরী,
আনন্দে করিত বাস ; সহসা একদা,
কহিলেন লোকেশ্বের, তূর্য্যধ্বনি করি'
"সেই আমি নিত্য নব অনিন্দ্য প্রমদা।"

আনন্দে লাগিল দিতে যত পুরবাসী
কন্যা নিজ ; কে জানিত দিনেকের তরে
সে সম্পর্ক ? পোহাইলে বিবাহের নিশি
কে জানিত, যা'বে তা'রা স্বপনের পুরে !

ভয়ে নাহি আর কেহ করে কন্যাদান
লোকেশ্বরে ; পরিনাম জেনেছে সকলে ;
ফিরিয়া এসেছি তাই ভবনে আপন,
মানসী কন্যারে মোর কহি' অশ্রুজলে ;—

যা রে বাছা ! লোকেশের কণ্ঠে দেহ' মালা
শাহারজাদীর ভাগ্য লভ' তুমি বালা !


সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত