অসম্পূর্ণ দ্বিতীয় সর্গ
[ বিহার ]
১
সাজ, সাজ ব্রজাঙ্গনে, রঙ্গে ত্বরা করি ।
মণি, মুক্ত পর কেশে,
মেখলা লো কটিদেশে,
বাধঁ লো নুপুর
পায়ে, কুমুমে কবরী ॥
লেপ সুচন্দন দেহে,
কি সাধে রহিবে গেহে ?
ওই শুন, পুনঃ পুনঃ বাজিছে বাঁশরী ॥
২
নাচিছে লো নিতস্বিনি, কদম্বের তলে ।
শিখগু-মণ্ডিত-শির১,
ধীরে ধীরে শ্যাম ধীর,
দুলিছে লো, বরগুঞ্জমালা বর-গলে ।
মেঘ সনে সৌদামিনী–
সম রূপে, লো কামিনি,
ঝলে পীতধড়া-রূপে ঝল ঝল ঝলে ।
৩
হ্রদে কুমুদিনী
এবে প্রফুল্ল ললনে,
তব আশা-শশী আসি,
শোভিছে নিকুঞ্জে হাসি,
কোন্ মৌনব্রতে
তুমি শূন্য নিকেতনে ॥
দেব-দৈত্য মিলি বলে,
মথিলা সাগর-জলে২,
যে সুধার লোভে, তাহা লভিবে
সুন্দরি ।
সুধামাখা বিম্বাধরে৩,
আছে মুখ তব তরে,
যাও নিতস্বিনি, তুমি অবিলম্বে
বনে !
--------xXx--------
১. শিখণ্ড-মণ্ডিত-শির ময়ূর পুচ্ছ শোভিত মাথা।
২. পুরাণ প্রসঙ্গ।
৩. লাল ঠোঁট।
সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন