:::: সূচীপত্র ::::

৯২

আমরা


আকাশ-পরশী গিরি দমি গুণ-বলে,
নির্ম্মিল মন্দির যারা সুন্দর ভারতে ;
তাদের সন্তান কি হে আমরা সকলে ?
আমরা,দুৰ্ব্বল, ক্ষীণ, কুখ্যাত জগতে,
পরাধীন, হা বিধাতঃ, আবদ্ধ শৃঙ্খলে?
কি হেতু নিবিল জ্যোতিঃ মণি, মরকতে,
ফুটিল ধুতুরা ফুল মানসের জলে
নির্গন্ধে ? কে কবে মোরে ? জানিব কি মতে

বামন দানব-কুলে, সিংহের ঔরসে
শৃগাল কি পাপে মোরাকে কবে আমারে ?
রে কাল, পূরিবি কি রে পুনঃ নব রসে
রস-শূন্য দেহ তুই? অমৃত-আসারে
চেতাইবি মৃত-কল্পে ? পুনঃ কি হরষে,
শুক্লকে ভারত-শশী ভাতিবে সংসারে ?

৯৩

শকুন্তলা


মেনকা অপ্সরারূপী, ব্যাসের ভারতী
প্রসবি, ত্যজিলা ব্যস্তে, ভারত-কাননে,
শকুন্তলা সুন্দরীরে, তুমি, মহামতি,
কণ্বরূপে পেয়ে তারে পালিলা যতনে,
কালিদাস! ধন্য কবি, কবি-কুল-পতি !
তব কাব্যাশ্রমে হেরি নারী-রতনে
কে না ভাল বাসে তারে, দুষ্মন্ত যেমতি
প্রেমে অন্ধ? কে না পড়ে মদন-বন্ধনে ?
মদনের পিক-ধ্বনি সুমধুর গলে ;
পারিজাত-কুসুমের পরিমল শ্বাসে ;
মানস-কমল-রুচি বদন-কমলে ;
অধরে অমৃত-সুধা ; সৌদামিনী হাসে ;
কিন্তু মৃগাক্ষি হতে যবে গলি, ঝলে
অশ্রুধারা, ধৈর্য্য ধরে কে মৰ্ত্ত্যে, আকাশে ?


৯৪

বাল্মীকি


স্বপনে ভ্ৰমিনু আমি গহন কাননে
একাকীদেখিনু দূরে যুব এক জন,
দাঁড়ায়ে তাহার কাছে প্রাচীন ব্রাহ্মণ
দ্রোণ যেন ভয়-শূন্য কুরুক্ষেত্র-রণে
"চাহিস বধিতে মোরে কিসের কারণে?”
জিজ্ঞাসিলা দ্বিজবর মধুর বচনে
বধি তোমা হরি আমি লব তব ধন,”
উত্তরিলা যুব জন ভীম গরজনে
পরিবরতিল স্বপ্নশুনিনু সত্বরে
সুধাময় গীত-ধ্বনি, আপনি ভারতী,
মোহিতে ব্ৰহ্মার মনঃ, স্বর্ণ বীণা করে,
আরম্ভিলা গীত যেনমনোহর অতি!
সে দুরন্ত যুব জন, সে বৃদ্ধের বরে,
হইল, ভারত, তব কবি-কুল-পতি

৯৫

শ্ৰীমন্তের টোপর

শ্ৰীপতি
শিরে হৈতে ফেলে দিল লক্ষের টোপর।।
                                   চণ্ডী

হেরি যথা শফরীরে স্বচ্ছ সরোবরে,
পড়ে মৎস্যরস্ক, ভেদি সুনীল গগনে,
(ইন্দ্র-ধনুঃ-সম দীপ্ত বিবিধ বরণে)
পড়িল মুকুট, উঠি, অকূল সাগরে,
উজলি চৌদিক শত রতনের করে
দ্রুতগতিমৃদু হাসি হেম ঘনাসনে
আকাশে, সম্ভাষি দেবী, সুমধুর স্বরে,
পদ্মারে, কহিলা, “দেখ, দেখ লো নয়নে,
অবোধ শ্ৰীমন্ত ফেলে সাগরের জলে
লক্ষে টোপর, সখি! রক্ষিব, স্বজনি,
খুল্লনার ধন আমি”—আশু মায়া-বলে
স্বর্ণ ক্ষেমঙ্করী-রূপ লইলা জননী
বজ্রনখে মৎস্যরস্কে যথা নভস্তলে
বিঁধে বাজ, টোপর মা ধরিলা তেমনি

১. অমৃতধারায়।
২. চেতনাদান করবে।
৩. শুক্লপক্ষে।
৪. কবিকঙ্কন চণ্ডীর ধনপতি সদাগর শ্রীমন্তের প্রসঙ্গ।
৫. মাছরাঙ্গা পাখি।
৬. পদ্মাবতী। চণ্ডীদেবীর সহচরী।
৭. লক্ষটাকা মূল্যের শিরোভূষণ, মহামূল্য শিরোভূষণ।

সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)