:::: সূচীপত্র ::::
            জ্যোৎস্নালোকে

তুমি গো আছ          মগন ঘুমে
          ফুলের বিছানা;
জানলা দিয়ে          পড়িছে গিয়ে
          কুল জোছনা
     এই সে ছিল চরণ ছুঁয়ে,
     এক্‌টু কোণে, এক্‌টু নুয়ে,

এখন সে যে          হিয়ায় রাজে,
          হরিণ-লোচনা !
সাহস পেয়ে,          রয়েছে চেয়ে,
          অধীর জোছনা !
সন্ধ্যা থেকে          মার চোখে
          ঘুমের নাহি লেশ ;
জ্যোৎস্নালোকে          তোমায় দেখে
          সুখের নাহি শেষ !
     আমার ছায়া তোমার বুকে,
     জ্যোৎস্না সাথে ঘুমায় সুখে,

জ্যোৎস্না সাথে          নয়ন পাতে
          রচিছে মায়া দেশ
সন্ধ্যা থেকে          আমার চোখে
          ঘুমের নাহি লেশ

জ্যোৎস্নাটুকু          মিলায়, বায়ু
          দোলায় কেশ-পাশ,
এখনি তবে          প্রভাত হবে,
          জাগিবে রশ্মি-ভাস্‌
     ছিলনা বাধা, হরষ মনে,
     চাহিয়া ছিনু তোমার পানে,

বিজন গেহ          ছিলনা কেহ
          করিতে পরিহাস ;
জ্যোৎস্নাটুকু          মিলায়, বায়ু
          দোলায় কেশ-পাশ

সফল আজি          জীবন মম,
          সফল জোছনা,
সফল তব          রূপের রাশি
          কমল-লোচনা !
     ধৌত করি তারার মালে,
     ধৌত করি যুথির জালে,

পড়েছে রে          তোমারি পরে
          অমর জোছনা
জ্যোৎস্না দেশে,           রাণীর বেশে,
          হরিণ-লোচনা !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত