:::: সূচীপত্র ::::
'রম্যাণি বীক্ষ্য'

ফাগুন নিশি, গগন-ভরা তারা,
তারার বনে নয়ন দিশাহারা ;
       কে জানে আজ কোন্‌ স্বপনে
       উঠেছে চাঁদ আন গগনে,
তারার গায়ে চাঁদের হাওয়া লেগেছে !
পেয়েছে সব চাঁদের যেন ধারা !
       আন্‌ গগনের চাঁদ,
       যেন হেথায় পাতে ফাঁদ ;
       আর নিশীথের আলো
       আজ হেথায় কিসে এল ?
       অারেক সাঁঝের গান,
       ফিরে জাগায় যেন তান ;

তারার বনে পরাণ হ'ল সারা !
       এ যেন নয় গান,
       এ যেন নয় আলো,
তবু        দোলায় কেন প্রাণ,
তবু        কেমন লাগে ভাল,
       মন যে মগন তা'তে,
       ফাগুন-মধুর-রাতে,
মন চিনেছে আকাশ-ভরা তারা,
পেয়েছে আজ চাঁদের যা'রা ধারা !
       বিচিত্র ওই আকাশ
দেয়        নূতন কত আভাস,
            ঊষার আলো বাতাস
যেন,        শেফালিকার সুবাস
যেন,        তারার বনে লেগেছে,
            চোখে আমার জেগেছে;
        মুক্ত রে আজ মর্ত্ত্য-ভুবন-কারা !
        তারার বনে মন হয়েছে হারা !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত