:::: সূচীপত্র ::::

জলধর-২

8
হায় রে কোথায় আজি শ্যাম জলধর
      তব প্রিয় সৌদামিনী,
            কাঁদে নাথ একাকিনী
রাধারে ভুলিলে কি হে রাধামনোহর ?
      রত্মচূড়া শিরে পরি
            এস বিশ্ব আলো করি,
কনক উদয়াচলে যথা দিনকর।

তব অপরূপ রূপ হেরি, গুণমণি,
      অভিমানে ঘনেশ্বর
            যাবে কাঁদি দেশান্তর,
আখণ্ডল-ধনু১১ লাজে পালাবে অমনি;
      দিনমণি পুনঃ আসি
            উদিবে আকাশে হাসি;
রাধিকার সুখে সুখী হইবে ধরণী;

নাচে গোকুল নারী, যথা কমলিনী
      নাচে মলয়-হিল্লোলে
            সরসী-রূপসী-কোলে,
রুণু রুণু মধু বোলে বাজায়ে কিঙ্কিণী !
      বসাইও ফুলাসনে
            এ দাসীরে তব সনে
তুমি নব জলধর এ তব অধীনী !

অরে আশা আর কি রে হবি ফলবতী ?
      আর কি পাইব তারে
            সদা প্রাণ চাহে যারে
পতি-হারা রতি কি লো পাবে রতি-পতি?
      মধু কহে হে কামিনী,
            আশা মহামায়াবিনী !
মরীচিকা কার তৃষা কবে তোষে সতি ?

--------xXx--------

১১. ইন্দ্রের ধনুক।


সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)