:::: সূচীপত্র ::::
প্রতিধ্বনি

কে তুমি, শ্যামেরে ডাক রাধা যথা ডাকে
               হাহাকার রবে ?
কে তুমি, কোন্‌ যুবতী, ডাক এ বিরলে, সতি,
অনাথা রাধিকা যথা ডাকে গো মাধবে ?
অভয় হৃদয়ে তুমি কহ অসি মোরে
কে না বাঁধা এ জগতে শ্যাম-প্রেম-ডোরে !

কুমুদিনী কায়, মনঃ সঁপে শশধরে
              ভুবনমোহন !
চকোরি শশীর পাশে, আসে সদা সুধা আশে,
নিশি হাসি বিহারয়ে লয়ে সে রতন ;
এ সকলে দেখিয়া কি কোপে কুমুদিনী ?
স্বজনী উভয় তারচকোরী, যামিনী !



বুঝিলাম এতক্ষণে কে তুমি ডাকিছ
                আকাশ-নন্দিনি২২—!
পৰ্ব্বত গহন বনে,        বাস ভব, বরাননে,
সদা রঙ্গরসে তুমি রত, হে রঙ্গিণি !
নিরাকারা ভারতি, কে না জানে তোমারে ?
এসেছ কি কাঁদিতে গো লইয়া রাধারে ?


জানি আমি, হে স্বজনি, ভাল বাস তুমি,
                মোর শ্যামধনে !
শুনি মুরারির বাঁশী, গাইতে তুমি গো আসি,
শিখিয়া শ্যামের গীত, মঞ্জু কুঞ্জবনে !
রাধা রাধা বলি যবে ডাকিতেন হরি
রাধা রাধা বলি তুমি ডাকিতে, সুন্দরি !


যে ব্রজে শুনিতে আগে সঙ্গীতের ধ্বনি,
             আকাশসম্ভবে,
ভূতলে নন্দনবন,    আছিল যে বৃন্দাবন,
সে ব্রজ পুরিছে আজি হাহাকার রবে !
কত যে কাঁদে রাধিকা কি কব, স্বজনি,
চক্রবাকী সে—এ তার বিরহ রজনী !



এস, সখি, তুমি আমি ডাকি ছুই জনে
          রাধা-বিনোদন ;
যদি এ দাসীর রব,      কুরব ভেবে মাধব
না শুনেন, শুনিবেন তোমার বচন !
কত শত বিহুঙ্গিনী ডাকে ঋতুবরে
কোকিলা ডাকিলে তিনি আসেন সত্বরে !

না উত্তরি মোরে, রামা, যাহা অামি বলি,
             তাই তুমি বল ?
জানি পরিহাসে রত,     রঙ্গিণি, তুমি সতত,
কিন্তু আজি উচিত কি তোমার এ ছল ?
মধু কহে, এই রীতি ধরে প্রতিধ্বনি,
কাঁদ, কাঁদে ; হাস, হাসে, মাধব-রমণি !

--------xXx--------


২২. শূণ্যে উত্থিত প্রতিধ্বনিকে আকাশকন্যা রূপে কল্পনা করা হয়েছে।

সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)