:::: সূচীপত্র ::::
১৬
সখী

      কি কহিলি কহ, সই, শুনি লো আবার—
                   মধুর বচন !
সহসা হইনু কালা;        জুড়া এ প্রাণের জ্বালা,
    আর কি এ পোড়। প্রাণ পাবে সে রতন ?
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
    আসিবে কি ব্রজে পুনঃ রাধিকারমণ ?


   কহ, সখি, ফুটিবে কি এ মরুভূমিতে
                   কুমুমকানন ?
জলহীনা স্রোতস্বতী,        হবে কি লো জলবতী,
পয়ঃ৪৭ সহ পয়োদে৪৮ কি বহিবে পবন ?
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
    আসিবে কি ব্রজে পুনঃ রাধিকারঞ্জন ?



    হায় লো সয়েছি কত, শ্যামের বিহনে—
                   কতই যাতন।
যে জন অন্তরযামী      সেই জানে আর আমি,
কত যে কেঁদেছি তার কে করে বর্ণন ?
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
আসিবে কি ব্রজে পুন: রাধিকামোহন।


কোথা রে গোকুল-ইন্দু,৪৯— বৃন্দাবন-সর-
                   কুমুদ-বাসন৫০ ।
বিষাদ নিশ্বাস বায়,         ব্রজ, নাথ, উড়ে যায়,
     কে রাখিবে, তব রাজ, ব্রজের রাজন !
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
     আসিবে কি ব্রজে পুনঃ রাধিকাভূষণ !


শিখিনী ধরি, স্বজনি, গ্রাসে মহাফণী—
                   বিষের সদন !
বিরহ বিষের তাপে       শিখিনী আপনি কাঁপে,
     কুলবালা এ জ্বালায় ধরে কি জীবন !
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
আসিবে কি ব্রজে পুনঃ রাধিকারতন !


     এই দেখ্‌, ফুলমালা গাঁথিয়াছি আমি—
                   চিকণ গাঁথন !
দোলাইব শ্যামগলে,       বাঁধিব বঁধূরে ছলে—
     প্ৰেম-ফুল-ডোরে তাঁরে করিব বন্ধন !
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
      আসিবে কি ব্রজে পুনঃ রাধাবিনোদন ।


    কি কহিলি কহ, সই, শুনি লো আবার—
                   মধুর বচন।
সহসা হইনু কালা, জুড়া এ প্রাণের জ্বালা
    অার কি এ পোড়া প্রাণ পাবে সে রতন !
মধু—যার মধুধ্বনি—    কহে কেন কাঁদ, ধনি,
ভুলিতে কি পারে তোমা শ্ৰীমধুসুদন ?

--------xXx--------

৪৭. জল।
৪৮.মেঘ।
৪৯. ব্রজধামের চন্দ্রস্বরূপ কৃষ্ণ।
৫০. বৃন্দাবন রূপ সরোবরের কুমুদ স্বরূপ রাধিকার বাসনার ধন—কৃষ্ণ।


সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)