১৭
বসন্তে
১
ফুটিল বকুলকুল কেন লো গোকুলে আজি,
কহ তা, স্বজনি ?
আইলা কি ঋতুরাজ
? ধরিলা কি ফুলসাজ,
বিলাসে ধরণী ?
মুছিয়া নয়ন-জল, চল লো সকলে
চল,
শুনিব তমাল তলে বেণুর সুরব ;—
আইল বসন্ত যদি, আসিবে মাধব !
২
যে কালে ফুটে লো ফুল, কোকিল কুহরে, সই,
কুসুমকাননে,
মুঞ্জরয়ে তরুবলী, গুঞ্জরয়ে সুখে অলি,
প্রেমানন্দ মনে,
সে কালে কি বিনোদিয়া, প্রেমে জলাঞ্জলি দিয়া,
ভুলিতে পারেন, সখি, গোকুলবন ?
চল লো নিকুঞ্জবনে পাইব
সে ধন !
৩
স্বন, স্বন, স্বনে, শুন, বহিছে পবন, সই,
গহন কাননে,
হেরি শ্যামে পাই প্ৰীত, গাইছে মঙ্গল গীত,
বিহঙ্গমগণে।
কুবলয় পরিমল, নহে এ ; স্বজনি, চল,—
ও সুগন্ধ দেহগন্ধ বহিছে
পবন ।
হায় লো, শ্যামের বপুঃ সৌরভসদন !
৪
উচ্চ বীচি৫১ রবে, শুন, ডাকিছে যমুনা ওই
রাধায়, স্বজনি ;
কল কল কল কলে, সুতরঙ্গ দল চলে,
যথা গুণমণি।
সুধাকর-কররাশি৫২ সম লো শ্যামের হাসি,
শোভিছে তরল জলে ; চল, ত্বরা করি—
ভুলি গে বিরহ-জ্বালা হেরি প্রাণহরি !
৫
ভ্রমর গুঞ্জরে যথা ; গায় পিকবর, সই,
সুমধুর বোলে ;
মরমরে পাতাদল ; মৃতুরবে বহে জল
মলয়
হিল্লোলে ;—
কুসুম-যুবতী হাসে, মোদি দশ দিশ বাসে,৫৩—
কি সুখ লভিব, সখি, দেখ ভাবি মনে,
পাই যদি হেন স্থলে গোকুলরতনে ?
৬
কেন এ বিলম্ব আজি, কহ ওলো সহচরি,
করি এ মিনতি ?
কেন অধোমুখে কাঁদ, অাবরি বদনচাঁদ,
কহ, রূপবতি ?
সদা মোর সুখে সুখী, তুমি ওলো বিধুমুখি,
আজি লো এ রীতি তব কিসের কারণে ?
কে বিলম্বে হেন কালে
চল কুঞ্জবনে ।
কাঁদিব লো সহচরি, ধরি সে কমলপদ,
চল, ত্বরা করি,
দেখিব কি মিষ্ট হাসে, শুনিব কি মিষ্ট ভাষে,
তোষেন শ্রীহরি
দুঃখিনী
দাসীরে ; চল, হইনু লো হতবল,
ধীরে ধীরে ধরি মোরে, চল লো স্বজনি ;—
সুধে৫৪— মধু শূন্য কুঞ্জে কি কাজ, রমণি ?
--------xXx--------
৫২.জোৎস্না
৫৩. দশদিক গন্ধে আমোদিত করে।
৫৪. মূল বইয়ে টীকাটি দেওয়া নেই।
সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)
সূত্র : মধুসূদন রচনাবলী-সব্যসাচী রায় (সম্পাদনায়)