অধিবাস্তববাদ
: যদিও ‘সুররিয়ালিজম’
(Surrealisme) শব্দটি ১৯১৭ সালে ফরাসি কবি গিয়োম আপোলিনেয়ার
প্রথম ব্যবহার করেন, সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে এই ‘সুররিয়ালিস্ট বা অধিবাস্তববাদী আন্দোলন শুরু করেন আঁদ্রে ব্রেতোঁ। ব্রেতোঁ ১৯২২ সালে
দাদাবাদের প্রভাব থেকে বেরিয়ে এসে রচনা করেন ‘ম্যানিফেস্ত্ দ্যু সুররিয়ালিজ্ম’
(Manifeste du Surreálisme, ১৯২৪)। বাস্তবতার সীমানা ছাড়িয়ে যাওয়ার প্রয়াসকেই
আপোলিনেয়ার ‘সুররিয়ালিজম’ বলে চিহ্নিত করেছেন। এই জন্যই বাংলায় এটিকে "অধিবাস্তববাদ’ বলা হয়। যৌক্তিকতা এবং অযৌক্তিকতার মধ্যে সীমারেখা মুছে ফেলাই অধিবাস্তববাদী
শিল্পীর কাজ। তাঁর মতে অন্তর্জগৎ ও বহির্জগতের, চেতন ও অবচেতনের
মধ্যবর্তী কোনও সীমারেখা না থাকাই কাম্য। সাহিত্য ও শিল্পের জগতে স্বপ্ন ও কর্মের বাস্তবতা মেনে নিয়েছিলেন
অধিবাস্তববাদীরা। যেমন বের্তোঁ ছিলেন স্বপ্ন ও বাস্তবের বৈপরীত্যের পরিবর্তে এদের মিলনজাত একটি বিশুদ্ধ
বাস্তবের সম্ভাব্যতায় বিশ্বাসী। তিনি শব্দগত স্বয়ংক্রিয়তায় বিশ্বাসী ছিলেন না, কিন্তু গদ্য ও পদ্যের সনাতন বিভাজনরীতি ভেঙে দিয়েছিলেন।
অধিবাস্তববাদীরা 'সিম্বলিজ্ম'/প্রতীকবাদ দ্বারা এবং ফ্রয়েড-এর অবচেতনতত্ত্ব দ্বারা বিশেষ
প্রভাবিত হয়েছিলেন। ফরাসি দেশে ব্ৰেতোঁ ছাড়াও 'অধিবাস্তববাদী' ট্র্যাডিশনে কবিতা লিখেছিলেন পল এল্যুয়ার, লুই আরাগঁ এবং বেন্জামিন পেরে প্রমুখ কবিরা। একসময় কমিউনিস্ট আন্তর্জাতিক-এর
সঙ্গে যুক্ত হয়ে 'অধিবাস্তববাদী' আন্দোলন একটি আন্তর্জাতিক বৈপ্লবিক আন্দোলনের রূপ নিতে চেষ্টা করে। কিন্তু ১৯৩০ সালের
মধ্যে এই আন্দোলন ভেঙে যায়। তবুও অধিবাস্তববাদের প্রভাব যুদ্ধোত্তর পরীক্ষামূলক সাহিত্যে
নানাভাবে প্রকাশ পেয়েছে যেমন অ্যাবসার্ড নাটকে অথবা বব ডিলান-এর গানে।
সাহিত্য অপেক্ষা শিল্পের ক্ষেত্রে এই আন্দোলন
বেশি সফল হয়েছিল –শিরিকো, পিকাসো, তাঁগি এবং দালি এরা প্রত্যেকেই অধিবাস্তববাদী
ছবি এঁকেছেন। যেহেতু এঁদের ভিত্তি ছিল প্রতীকবাদ এবং ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ-তত্ত্বে,
সেহেতু স্বাভাবিক কারণেই আর্নস্ত্ ও দালির হাতে প্রাচীন আদর্শের
শিল্পরূপ বিপর্যন্ত হয়ে যায়। দালি সাপ, ছাগল, আগুন, মদ ও রুটিকে ব্যবহার
করেছেন প্রতীক রূপে, জুতোর প্রতীকে সংকেতিত করেছেন যৌনতা। স্বপ্ন, যৌন ইচ্ছা ইত্যাদির সম্ভাবনাময় ক্ষেত্র অনুধাবন করাও অধিবাস্তববাদী
শিল্পীর কাজ। ইংরেজিতে 'সুররিয়াল' বা 'সুররিয়ালিস্টিক' শব্দগুলি অধিকাংশ সময় ব্যাপক অর্থে যে-কোনও অদ্ভুত, অসমঞ্জস বা কাল্পনিক ভাব বোঝাতে ব্যবহার করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন