অতিকল্পিত, অতিসজ্জিত
: ইংরেজিতে ‘ব্যারোক’ (Baroque)। এক বিশেষ ধরনের প্রকাশরীতি বা বিভিন্ন ধরনের প্রকাশরীতির সমাহার। শব্দটির ব্যুৎপত্তি পোর্তুগিজ শব্দ ‘বারোক্কো' (barrocco—মূল অর্থ অসমান প্রকৃতির মুক্তো) থেকে। ইংরেজি সাহিত্যে ষোড়শ শতাব্দীর শেষ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই প্রকাশরীতি বা স্টাইলের বিশেষ প্রচলন লক্ষ করা যায়। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত শিল্প-ঐতিহাসিকরা সপ্তদশ শতাব্দীর আতিশয্যমণ্ডিত ও অদ্ভুত স্থাপত্যভঙ্গি সমালোচনা করার সময় এই শব্দটি ব্যবহার করতেন। ধীরে ধীরে শব্দটির নিন্দাত্মক অনুষঙ্গ লুপ্ত হয় এবং শব্দটি নিছক বর্ণনাত্মক বিশেষণ হিসেবে অন্যান্য দৃশ্যমান শিল্প যেমন সংগীত, সাহিত্য ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য হতে থাকে। সাধারণভাবে ‘ব্যারোক’ বলতে বোঝায় কারুকার্যময়, প্যাঁচালো প্রকাশভঙ্গি। ব্যাপক অর্থে যে-কোনও খেয়ালি, অদ্ভুত এবং আতিশয্যমণ্ডিত প্রকাশরীতিকেই ‘ব্যারোক’ বা ‘অতিকল্পিত’/ ‘অতিসজ্জিত’ আখ্যা দেওয়া হয়। এছাড়া ‘অতিকল্পিত’ বা ‘ব্যারোক’ বলতে একাধিক স্টাইল / রীতি’র সমাহারও বোঝায়, যেমন-বিশাল, আলংকারিক, লঘু, খেয়ালি, মরমি, অন্তর্মুখী, নাটকীয় এবং মায়াময়। [নাটকীয়তা ও অলংকারের আতিশয্যের জন্য মধুসূদন দত্তের "মেঘনাদবধ কাব্য’কে ‘অতিকল্পিত’ বা ‘অতিসজ্জিত’ বলা হয়ে থাকে]।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন