আলেয়া
“পুড়ে মরি—পতি নাহি পাই,
কোথা পা'ব জুড়াবার ঠাঁই ?
জ্বালার অবধি মোর নাই ।
দিন রাত শুধু হাহাকার,
শ্বাস-বায়ু অনল আমার,
মৃত্যু হ'ল—গেল না বিকার !
জ্ব'লে মরি, আকুল জ্বালায়,
ঘুরি তাই বিজনে জলায়,
ফিরে যাও পথিক, পথিক,
মাড়ায়োনা কখন' এ দিক্,
এ পথের নাহি কোন' ঠিক
ধ্রুব-তারা নহি আমি ভাই,
আলেয়ার পোড়া মুখে ছাই,
পুড়ে মরি—পতি নাহি পাই !
শীতল হইবে তনু ব'লে—
মাঝে মাঝে ডুবি গিয়া জলে,
উঠিলে দ্বিগুণ পুনঃ জলে ।
মুখ দিয়া উগারি অনল,
পবন ছড়ায় হলাহল,
ক্ষণকাল—সকলি বিকল ।
আবার যা' ছিল হয় তাই,
শান্তি নাই—যন্ত্রণা সদাই,
পরিণাম হ'ত যদি ছাই ।
ভাবিতাম বেঁচে সুখ নাই,
এবে দেখি মরণেও তাই,
পুড়ে মরি—পতি নাহি পাই ।"