:::: সূচীপত্র ::::
অনিন্দিতা
         
ধুলিরে স্বন্দর করি           এস তুমি হে সুন্দরী
            ধূলা পায়ে এস অনিন্দিতা !
পক্ষ্ম-পাখে, আঁখি-পাখী,            চাঁদের অমিয়া ছাঁকি?
            ঢেলে দিক, হে কবি-বন্দিতা !
অধর-কপোলময়           ফুলের মিলেছে লয়,
            সু-ললাট মতির আবাস,
সৌন্দর্য্যের ধারা-বৃষ্টি,            বিধির অপূৰ্ব্ব সৃষ্টি,
            কালিন্দীর উৰ্ম্মি কেশপাশ
ফুলের রচিত দেহ,           স্নেহ করুণার গেহ
            লয়ে এসপরাণ উদার ;
অপূৰ্ব্ব অমৃত-রসে,           সিনান করাও এসে,
            জ্যোৎস্না-ঘন পরশে তোমার !
আনগো মঙ্গল-ঘট,            লয়ে এস অকপট
            বেদন-বুঝিতে-পটু মন,
দুখানি স্নেহের করে           জগতেরে রাখ ধরে,
            রাখ বেঁধে অন্তরে আপন
এস, মন্দ-বায়ু-গতি !           সৌন্দৰ্য্য-রূপিণী সতী !
            শোন মোর সৌন্দর্য্যের গীতা ;
মনের দুয়ার খুলি,           একবার পথ ভুলি,
            এস দেবীএস অনিন্দিতা !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত