স্বর্ণ-গোধা
স্বর্ণ জিনি বর্ণ তোর, নয়ন-রঞ্জন,
স্বর্ণ-গোধা ! ভ্রম হয় স্বর্ণময় ব'লে,—
তনু তোর। ঘৃণ্য কিন্তু তোর পরশন ;
নাহি জানি কালকেতু ভুলিল কি ছলে ।
সেকি তোরে ভেবেছিল খণ্ড সুবর্ণের ?
ত্বরান্বিত তাই বুঝি গেছিল কুড়াতে ?
শেষে নিজ ভ্রান্তি বুঝে—মৰ্ম্মরে পর্ণের—
তীরে বিঁধে এনেছিল অনলে পোড়াতে ।
স্থির তুমি থাক যবে, উজ্জল বরণ !
প্রীতি লভে বিমুগ্ধ নয়ন ; কিন্তু হায়
অঙ্গভঙ্গী আরম্ভিলে—আপনি নয়ন
ঘৃণা ভরে মুদে যায়, ফিরে নাহি চায় ।
জড়মতি রূপসীর অপরূপ হাসি,—
মন হ'তে যেমন মমতা দেয় নাশি ।