:::: সূচীপত্র ::::
প্রবাল-দ্বীপ

তিমিরে, তিমিরে অস্থি যেথা হয় শিলা,
ছিদ্রময় স্পঞ্চ-পুষ্প যথায় বিকাশ,
সেই সাগরের তলে, সুখে করে বাস
প্রবাল-দম্পতী এক; নিত্য নব লীলা !

দিনে দিনে প্রবালের বাড়ে পরিবার,
কত জীয়ে, কত মরে রাখিয়া কঙ্কাল,
পঞ্জরের বাড়ে স্তুপ, যত যায় কাল ;
অজ্ঞাতে পূরণ করে ইচ্ছা বিধাতার ।

স্তূপীকৃত যুগান্তের প্রবাল-পঞ্জর
কোটি কোটি প্রাণ-পাতে হয়ে সংগঠিত,
কোটি হৃদয়ের রক্তে হয়ে সুরঞ্জিত,
একদিন তুলে শির সিন্ধুর উপর !

পলি পড়ে, শঙ্খ চরে, জাগে নব দ্বীপ,
ধৈর্য্যশীল প্রবালের যশের প্রদীপ !


সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত