:::: সূচীপত্র ::::
মূল ও ফুল

ফুলশুধু দেখাইতে চায়
আপনারে রৌদ্রে জোছনায় ;
সমীরে করিতে চায় খেলা,
সারা বেলা রঙ্গ করে মেলা
অলি বলে, দাঁড়া' ওগো যুঁই
"এই ছুঁইএই তোরে ছুঁই "
ফুল বলে, “দুলেছি হাওয়ায়
আয় অলি এই বারে আয়
পাতা পরে মাথা যায় ঠুকে,
অলি সে পলায় অধোমুখে !

                মুলশুধু লুকাইতে চায়
                অন্ধকারে মাটির তলায় ;
                খেলাধুলা গিয়েছে সে ভুলে,
                কখন্‌ বা দেখে মাথা তুলে ?
                কাজ-কাজজানে শুধু কাজু,
                কাল যথা তেমনি সে আজ ।
                মাটি হ'তে শোষে শুধু রস,
                পাতা ফুল রাখে সে সরস,
                কাজ সদা— নাহিক কামাই,
                ফুলদল—বেঁচে আছে তাই।


ফুল সে রাজার মত থাকে,
মূল সে চাষার মত পাঁকে !
মাঝে, শাখা পাতার সমাজ,
গন্ধ, রস, ভুঞ্জে তিন সাঁঝ ।
ফুলহীন মূল কত আছে,
মূলহীন ফুল কই বাঁচে?
ফুল ঝরে—ফুটে পুনরায়,
মূল গেলে সকলি ফুরায়।
ফুল তবু উঁচুতেই থাকে !
মূল সে চাষার মত পাঁকে !


সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত