৭৬
শনি
কেন মন্দ গ্রহ বলি নিন্দা তোমা করে
জ্যোতিষী ? গ্রহেন্দ্ৰ তুমি, শনি মহামতি !
ছয় চন্দ্র১ রত্নরূপে সুবর্ণ টোপরে
তোমার ; সুকটিদেশে পর, গ্রহ-পতি
হৈম সারসন২, যেন আলোক-সাগরে !
সুনীল গগন-পথে ধীরে তব গতি।
বাখানে নক্ষত্র-দল ও রাজ-মুরতি
হে চল রশ্মির রাশি, সুধি কোন জনে, —
কোন জীব তব রাজ্যে আনন্দে নিবাসে?
জন-শূন্য নহ তুমি, জানি আমি মনে,
হেন রাজা প্রজা-শুন্য,—প্ৰত্যয়ে না আসে! —
পাপ, পাপ-জাত মৃত্যু, জীবন-কাননে,
তব দেশে, কীটরূপে কুসুম কি নাশে ?
৭৭
সাগরে তরি
হেরিনু নিশায় তরি অপথ সাগরে,
মহাকায়া, নিশাচরী, যেন মায়া-বলে,
বহিঙ্গিনী-রূপ ধরি, ধীরে ধীরে চলে,
রঙ্গে সুধবল পাখা বিস্তারি অম্বরে।
রতনের চূড়া-রূপে শিরোদেশে জ্বলে
দীপাবলী, মনোহরা নানা বর্ণ করে, —
শ্বেত, রক্ত, নীল, পীত, মিশ্রিত পিঙ্গলে
চারি দিকে ফেনাময় তরঙ্গ সুস্বরে
চারি দিকে ফেনাময় তরঙ্গ সুস্বরে
গাইছে আনন্দে যেন, হেরি এ সুন্দরী
বামারে, বাখানি রূপ, সাহস, আকৃতি।
ছাড়িতেছে পথ সবে আস্তে ব্যস্তে সরি,
নীচ জন হেরি যথা কুলের যুবতী।
চলিছে গুমরে ৩ বামা পথ আলো করি,
শিরোমণি-তেজে যথা ফণিনীর গতি।
৭৮
সত্যেন্দ্রনাথ ঠাকুর৪
সুরপুরে সশরীরে, শূর-কুল-পতি
অৰ্জ্জুন, স্বকাজ যথা সাধি পুণ্য-বলে
ফিরিলা কানন-বাসে ;৫— তুমি হে তেমতি,
যাও সুখে ফিরি এবে ভারত-মণ্ডলে,
মনোদ্যানে আশা-লতা তব ফলবতী ! —
ধন্য ভাগ্য, হে সুভগ, তব ভব-তলে!
শুভ ক্ষণে গর্ভে তোমা ধরিলা সে সতী,
তিতিবেন যিনি, বৎস, নয়নের জলে
(স্নেহাসার!) যবে রঙ্গে বায়ু-রূপ ধরি
জনরব, দূর বঙ্গে বহিবে সত্বরে
এ তোমার কীৰ্ত্তি-বাত্তা!— যাও দুতে, তরি,
নীলমণি-ময় পথ অপথ সাগরে!
অদৃশ্যে রক্ষার্থে সঙ্গে যাবেন সুন্দরী
বঙ্গ-লক্ষ্মী! যাও, কবি আশীর্ব্বাদ করে ! —
৭৯
শিশুপাল
নর-পাল-কুলে তব জনম সুক্ষণে
শিশুপাল !৬ কহি শুন, রিপুরূপ ধরি,
ওই যে গরুড়-ধ্বজে গরজেন ঘনে
বীরেশ, এ ভব-দহে মুকতির তরি !
টঙ্কারি কার্ম্মুক, পশ হুহুঙ্কারে রণে ;
এ ছার সংসার-মায়া অস্তিমে পাসরি ;
নিন্দাছলে বন্দ, ভক্ত, রাজীব চরণে।
জানি, ইষ্টদেব তব, নহেন হে অরি
বাসুদেব ; জানি আমি বাগ্দেবীর বরে।
লৌহদন্ত হল, শুন, বৈষ্ণব সুমতি,
ছিঁড়ি ক্ষেত্র-দেহ যথা ফলবান করে
সে ক্ষেত্রে ; তোমায় ক্ষণ যাতনি৭ তেমতি
আজি, তীক্ষ্ম শর-জালে বধি এ সমরে,
পাঠাবেন সুবৈকুণ্ঠে সে বৈকুণ্ঠ-পতি।
১. উপগ্রহ বোঝাতে চন্দ্র শব্দের ব্যবহার। শনিগ্রহের
ছয়টি উপগ্রহ। প্রকৃতপক্ষে আটটি।
২. কোমরবন্ধ।
৩. গর্ব।
৪. রবীন্দ্রনাথের অগ্রজ (১৮৬৫-১৯৪২) ।
৫.৬. মহাভারতের প্রসঙ্গ।
৭. অল্প সময়ের জন্য ক্লেশ
দিচ্ছি।