:::: সূচীপত্র ::::
ঋষি টল্‌ষ্টয়

সঙ্কীর্ণ স্বার্থের লোভে ক্ষুণ্ণ ক্ষুব্ধ ছিল জগজন
অন্ধকূপে বন্দী সম; তুমি খুলে দিলে বাতায়ন,
ওগো ঋষি রুষিয়ার! মুক্ত রন্ধ্রে স্বর্গের বাতাস
প্রবেশিল অন্ধকূপে! বিশ্ববাসী বাঁচিল নিঃশ্বাস

ফেলি; ওগো টল্‌ষ্টয়! বিনাশিলে তুমি মহাভয়
মানবের; প্রচারিলে পৃথ্বীতলে বিশ্বাসের জয়
মহাবৈষম্যের মাঝে প্রচারিলে সাম্যের বারতা,
উচ্চারিলে, দ্রষ্টা! তুমি, মহামিলনের পূর্ব্বকথা!

বাণী তব মৃত্যুহীন মৃত্যুময় এ মর্ত্ত্যভুবনে
ওগো মৃত্যুঞ্জয় কবি ! হে মনীষি, জাগে আজি মনে
সিদ্ধার্থের সুপ্ত স্মৃতি, —তোমার শুনিয়া কণ্ঠরব,
সেই সুর, সেই কথা; তারি মততারি মত সব !

সেই ত্যাগ ! সেই তপ ! সেই মহামৈত্রীর বাখান !
বুদ্ধকল্প বিশ্বপ্রেমে বর্ত্তমানে তুমি মহাপ্রাণ !

সূত্র : কুহু ও কেকা — সত্যেন্দ্রনাথ দত্ত [চতুর্থ সংস্করণ/১৯২৯]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন