:::: সূচীপত্র ::::
আকুল আহ্বান

এস নাথ ! এস নাথ ! এস নাথ ! এস নাথ !
বসন্ত প্রভাত ! সুখ-বসন্ত প্রভাত !
       কোকিল সে কুহু কুহরিল,
       শিহরি উঠিল বন-বাত ;
       গুঞ্জরি অলি বাহিরিল
       বকুল গন্ধ সাথে সাথ !
এস নাথ ! এস নাথ ! এস নাথ !


       বকুল ঝরিয়া মরিল গো,
       চম্পকও হ’ল পরিম্লান ;
       মূচ্ছিত তাপে শিরীষ গুচ্ছ,
       তমুমন আজি ম্রিয়মাণ ।
       ‘ফটিক জল’ফটিক জল’
       চাতক ফুকারে সবিষাদ ;
    আমি লাজভীতে নারি ফুকারিতে,
এস নাথ ! এস নাথ ! এস নাথ !


       নিদ্রিত পুরে বায়ু ‘হাহা’ করে,
       ঘন বরষণে কাটে রাত,
    কত যুথি ঝরেকে গণনা করে ?
হায় নাথ ! হায় নাথ! হায় নাথ !


       কদম কেতকে বনভূমি ছায়,
       দাদূরী আঁধারে কাঁদে রে,
       ফুল সম হিয়া ফুটিবারে চায়
       তারে কে আজিকে বাঁধে রে ।
       কেতকী মলিন, নীপ রূপহীন,
       কমল খুলিল আঁখি-পাত ;
    জ্যোৎস্না হাসিল প্লাবিয়া ধরণী ;—
এস নাথ ! এস নাথ ! এস নাথ !
       উত্তরে হাওয়া ফিরিল গো,
       উলূকী ফুকারে সারারাত ;
       তুমি তো এলে নাতবু, ফিরিলে না
হায় নাথ ! হায় নাথ ! হায় নাথ !


       কুন্দ কাঁদিয়া দুখে, হায়,
       ঝরিয়া মিশায় কুয়াসায়;
       বিধবা কানন-বল্লরী, মরি,
     মলিন আকাশপানে চায় ।
     দীর্ঘ যামিনী কাটেনা আর,
       না মুদে হায় নয়ন-পাত ;
    ডাকে ভক্ষকবন-রক্ষক ;
   হায় নাথ ! হায় নাথ ! হায় নাথ !

সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত