একদিন-না-একদিন
একদিন-না-একদিন, কারে-না-কারো কপালে
ঘটেছে যা’—তাই নিয়ে ভাই বৃথাই মাথা বকা’লে।
সীতার নামে কলঙ্ক আর লক্ষ্মণেরে অবিশ্বাস,
ধ্যানভঙ্গ শঙ্করের ও যুধিষ্ঠিরের নরকবাস ;
এমন সকল কাণ্ড যখন আগেই গেছে ঘ’টে,
তখন তুমি খ্যাতির খেদে গরম কেন চ’টে?
চ’লতে গেলেই লাগে ধূলো,
ধুয়ো তখন ও-সব গুলো,
একদিন-না-একদিন, কারো-না-কারো কপালে,
ঘটেছে যা’ তাই নিয়ে ভাই বৃথাই মাথা বকা’লে ।
অরসিকে রসের কথায় হয় ত’ যাবে ভোলা’তে,
অপ্রেমিকে মনের ব্যথায় হয় ত’ যাবে গলা'তে ;
অঘটন যা ঘ’ট্বে তা’তে—সেটা কিন্তু স্বাভাবিক !
কাজেই তা’তে বিলাপাদি, বেশী রকম, নহে ঠিক।
পরকে কেন মন্দ কই?
মনের মত নিজেই নই।
আমাদের এই রোষ তুষ্টি—অধিকাংশই আকস্মিক !
একদিন-না-একদিন, কারো-না-কারো কপালে,
ঘটেছে যা’ তাই নিয়ে ভাই বৃথাই মাথা বকা’লে ।