:::: সূচীপত্র ::::
উল্কা

তিমিরের মসীলেপ নিমেষে ঘুচায়ে
বিশ্বচিত্রপট হ'তে,—পরিস্ফুট করি'
প্রত্যেক পল্লবে, শাখে, তৃণে, জলাশয়ে,
দেউলে, প্রাসাদে, পথে,—ফুটাইয়া, মরি,


ভূজপাশে বদ্ধ সহচরে,—চকিতের মত,
জ্যোৎস্না-খণ্ড-রূপে হায়, চকিতে আবার
কোথায় ডুবিলে উল্কা ? তারা লক্ষ শত
মুদিল নয়ন, হেরি এ দশা তোমার

কোথা ছিলে ? কোথা এবে চলিয়াছ, হায় !
সূৰ্য্যতেজে পুড়িতে কি পড়িতে ভূমিতে ?
অথবা, অনন্ত কাল অভিশপ্ত প্রায়
অনন্ত অতলে শুধু বহিবে নামিতে ?

ছিলে কি জীবের ধাত্রী পৃথিবীর মত ?
কিম্বা চিরবন্ধ্যা, শুধু, ধ্বংস তোর ব্ৰত !


সূত্র : বেণু ও বীণা - সত্যেন্দ্রনাথ দত্ত