রূপ-মান
জ্যৈষ্ঠ মাস—বৃষ্টি হ’য়ে গেছে,
আহ্লাদে আকুলা ভাগীরথী ;
স্নিগ্ধ বাতে ত্রিলোক তুষিছে,
কৃষ্ণা যেন সেবিছে অতিথি ।
লালে লাল পশ্চিম আকাশ, —
তপ্ত সোনা—সিন্দুরে—হিঙ্গুলে,
অঙ্গে ধরি রক্ত চীনবাস,
লাক্ষারাগে রঞ্জিত আকাশে
খণ্ড নীল দূৰ্ব্বাদল-শ্যাম,
প্রলয়ের রক্তে যেন ভাসে
বটের পল্লব অভিরাম,—
ছায়া তার রক্তিম গঙ্গায়, —
দেখ চেয়ে—দিব্য কাম্য-কূপ,
রূপহীনা, কে
আছিস্ আয়—
এ ঘাটে নাহিলে হয় রূপ !