৫২
কোজাগর-লক্ষ্মীপূজা
শোভ নভে, নিশাপতি, এবে হে বিমলে !—
হেমাঙ্গি রোহিণি, তুমি,অঙ্গ-ভঙ্গি করি,
হুলাহুলি দিয়া নাচ, তারা-সঙ্গি-দলে !—
জান না কি কোন ব্রতে, লো সুর-সুন্দরি,
রত ও নিশায় বঙ্গ ? পূজে কুতূহলে
রমায় শ্যামাঙ্গী এবে, নিদ্রা পরিহরি ;
বাজে শাঁখ, মিলে ধূপ ফুল-পরিমলে !
হৃদয়-মন্দিরে, দেবি, বন্দি এ প্রবাসে
এ দাস, এ ভিক্ষা আজি মাগে রাঙা পদে,—
থাক বঙ্গ-গৃহে, যথা মানসে, মা, হাসে
চিররুচি১ কোকনদ ; বাসে২ কোকনদে
সুগন্ধ ; সুরত্মে জ্যোৎস্না ; সুতারা আকাশে ;
শুক্তির উদরে মুক্তা ; মুক্তি গঙ্গা-হ্রদে !
৫৩
বীররস
ভৈরব-আকৃতি শূরে দেখিনু নয়নে
গিরি-শিরে ; বায়ু-রথে, পূর্ণ ইরম্মদে,
প্রলয়ের মেঘ যেন! ভীম৩ শরাসনে
ধরি বাম করে বীর, মত্ত বীর-মদে,
টঙ্কারিছে মুহুর্মুহুঃ, হুঙ্কারি ভীষণে,
ব্যোমকেশ-সম কায় ; ধরাতল পদে,
রতন-মণ্ডিত শিরঃ ঠেকিছে গগনে,
বিজলী-ঝলসা-রূপে উজলি জলদে।
চাঁদের পরিধি, যেন রাহুর গরাসে
ঢালখান ; ঊরু-দেশে অসি তীক্ষ্ম অতি,
চৌদিকে, বিবিধ অস্ত্র। সুধিনু তরাসে,—
“কে এ মহাজন, কহ গিরি মহামতি ?”
আইল শব্দ বহি স্তব্ধ আকাশে —
“বীর-রস এ বীরেন্দ্র, রস-কুল-পতি।”
৫8
গদা-যুদ্ধ
দুই মত্ত হস্তী যথা উর্দ্ধশুণ্ড করি,
রকত-বরণ আঁখি, গরজে সঘনে,—
ঘুরায়ে ভীষণ গদা শূন্যে, কাল রণে,
গরজিলা দুৰ্য্যোধন, গরজিলা অরি
ভীমসেন। ধূলা-রাশি, চরণ-তাড়নে
উড়িল ; অধীরে ধরা থর থর থরি
কাঁপিলা ;—টলিল গিরি সে ঘন কম্পনে ;
উথলিল দ্বৈপায়নে জলের লহরী,
ঝড়ে যেন ! যথা মেঘ, বজানলে ভরা,
বজ্রানলে ভরা মেঘে আঘাতিলে বলে,
উজলি চৌদিক তেজে বাহিরায় ত্বরা
বিজলী ; গদায় গদা লাগি রণ-স্থলে,
উগরিল অগ্নি-কণা দরশন-হরা !
আতঙ্কে বিহঙ্গ-দল পড়িল ভূতলে।৪
৫৫
গোগৃহ-রণে
হুহুঙ্কারি টঙ্কারিলা ধনুঃ ধনুৰ্দ্ধারী
ধনঞ্জয়, মৃত্যুঞ্জয় প্রলয়ে যেমতি!৫
চৌদিকে ঘেরিল বীরে রথ সারি সারি,
স্থির বিজলীর তেজঃ, বিজলীর গতি !—
শর-জালে শুর-ব্রজে সহজে সংহারি
শূরেন্দ্র, শোভিলা পুনঃ যথা দিনপতি
প্রখর কিরণে মেঘে খ-মুখে নিবারি,
শোভেন অম্লানে নভে। উত্তরের প্রতি
কহিলা আনন্দে বলী ;—“চালাও স্যন্দনে৬
বিরাট-নন্দন, দ্রুতে, যথা সৈন-দলে
লুকাইছে দুৰ্য্যোধন হেরি মোরে রণে,
তেজস্বী মৈনাক যথা সাগরের জলে
বজ্রাগ্নির কাল তেজে ভয় পেয়ে মনে।৭—
দণ্ডিব প্রচণ্ডে দুষ্টে গাণ্ডীবের বলে।"
১. অম্লান সৌন্দর্য।
২. বাস করে।
৩. ভয়ানক।
৪. মহাভারতের গদাপর্বের প্রসঙ্গ।
৫. মহাভারতের বিরাটপর্বের প্রসঙ্গ।
৬. রথ।
৭. মৈনাক পর্বত ও ইন্দ্রের বিরোধের পৌরাণিক প্রসঙ্গ।